সেফটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু, মরদেহ ফেলে পালানোর অভিযোগ
ছবি: জাতীয় অর্থনীতি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সেফটিক ট্যাংক সংস্কারের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাবুরাম দেবসিংহ (৪৫) নামে এক রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কোনো উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা না করে মরদেহ নিহতের বাড়ির আঙিনায় ফেলে যাওয়ার অভিযোগে আটজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এ ঘটনায় অবহেলার অভিযোগে আটজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন নিহতের কাকা বুদ্ধ চরণ দেবসিংহ। নিহত বাবুরাম দেবসিংহ উপজেলার বলরামপুর নিজধাম এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও স্বজনদের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকাল ৯টার দিকে অমরখানা জামুড়ীতলি এলাকার একটি বাড়িতে সেফটিক ট্যাংক সংস্কারের কাজের জন্য বাবুরামকে ডেকে নেওয়া হয়। দীর্ঘদিন ঢাকনা বন্ধ থাকা সেফটিক ট্যাংকে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তাকে নামানো হলে ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার না করে সময়ক্ষেপণ করায় ট্যাংকের ভেতরেই তার মৃত্যু হয়। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে অভিযুক্তরা অটোভ্যানে করে বাবুরামের মরদেহ তার বাড়ির আঙিনায় রেখে দ্রুত সটকে পড়েন।

ওসি জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

—জা. অর্থনীতি/এলএটি