যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো- জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় শিশুরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুদের দাদি স্থানীয়দের সঙ্গে নিয়ে পুকুরে গিয়ে খোঁজ করেন। পরে পুকুরের সিঁড়ির নিচে তিন শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
স্থানীয়দের সহায়তায় দ্রুত তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মাহবুর রহমান বলেন, পুকুরটিতে সাধারণত লোকজনের আনাগোনা কম। কেউ গোসল করতে গেলেও দ্রুত গোসল শেষ করে চলে আসেন। পুকুরটি শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হলেও সেখানে তাদের ডুবে যাওয়ার বিষয়টি কেউ আগে আঁচ করতে পারেননি।
জামদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হুসাইন তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে তেমন কেউ গোসল করতে যায় না। একই পরিবারের দুই বোনসহ তিন শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সময় তাদের হৃদস্পন্দন ছিল না। পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজি করে তাদের শরীরে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
—জা.অর্থনীতি/জেআরটি
