কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হন।

পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আজ বেলা সাড়ে ১১টার দিকে পোনামাছ অবমুক্ত করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এরপর দুপুর ১২টায় কটিয়াদী উপজেলার উদ্দেশে রওয়ানা হয়ে সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশে রওনা দিয়ে দুপুর ১টায় সেখানে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর আড়াইটায় সেখানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন।

বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেয়ার কথা রয়েছে তার। পরবর্তী সময়ে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। দিনব্যাপী নানা অনুষ্ঠান শেষে বিকেল ৬টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

—জা. অর্থনীতি/এএইচএ