অনলাইন ডেস্ক: লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) রয়েছেন।
লটারির ভিত্তিতে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০, চট্টগ্রামে ৩৪, খুলনায় ২০, বরিশালে ১২, সিলেটে সাত, ময়মনসিংহে নয় এবং রংপুরে ১৭ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহীতে ১৮, চট্টগ্রামে ৩২, খুলনায় ২০, বরিশালে ১০, সিলেটে নয়, ময়মনসিংহে সাত এবং রংপুরে ১৫ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ লটারি আয়োজন করা হয়। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়।
—জা.অর্থনীতি/আইবিএম