যশোর প্রতিনিধি: খুলনার রূপসায় ইটভাটায় ঢুকে যুবদলকর্মী ফখরুল শেখকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত মূল শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকার সীতারামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
যশোর র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম. ফকলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, গত ১১ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের 'মেসার্স রূপসা ব্রিকস' ইটভাটায় পাহারার দায়িত্বে ছিলেন ফখরুল শেখ। এ সময় একদল দুর্বৃত্ত ইটভাটায় ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা ও যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
ঘটনার পরপরই ছায়াতদন্ত শুরু করে র্যাবের একটি দল। একপর্যায়ে সরাসরি গুলিবর্ষণকারী শুটার ইব্রাহিমের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
গ্রেপ্তারকৃত ইব্রাহিমকে রূপসা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি