তাড়াইলের পদ্মবিলে নৌকা চালিয়ে জীবিকা শত পরিবারের
ছবি: জাতীয় অর্থনীতি

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের অদূরে দড়িজাহাঙ্গীরপুর গ্রামের কাইনহা বিল এখন পদ্মফুলের সৌন্দর্যে মুগ্ধ করছে দর্শনার্থীদের। বর্ষা ও শরৎকালে বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে থাকা গোলাপি ও সাদা পদ্ম দেখতে প্রতিদিনই ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। আর দর্শনার্থীদের ডিঙিনৌকায় ঘুরিয়ে জীবিকা নির্বাহ করছেন শতাধিক পরিবারের সদস্য।

সোমবার (১৭ আগস্ট) সরেজমিনে কাইনহা পদ্মবিলে গিয়ে দেখা যায়, যতদূর চোখ যায় শুধু সবুজের মাঝে ফুটে থাকা গোলাপি পদ্ম। কোথাও কোথাও সাদা পদ্মও শোভা পাচ্ছে। পদ্মপাতার ওপর পানকৌড়ি, ডাহুকসহ বিভিন্ন পাখির বিচরণ আর ফুলের ওপর প্রজাপতি ও ভ্রমরের আনাগোনায় বিলটি হয়ে উঠেছে নয়নাভিরাম।

স্থানীয় প্রবীণরা জানান, বহু বছর ধরেই বর্ষাকালে এই বিলে প্রাকৃতিকভাবে পদ্মফুল ফুটে আসছে। ছোটবেলায় তারা বিলে মাছ ধরতে যেতেন, এখন সেখানে শহরসহ দূর-দূরান্ত থেকে মানুষ পদ্মফুল দেখতে ও ছবি তুলতে আসেন।

স্থানীয়রা বলেন, পদ্মবিল ঘিরে তৈরি হয়েছে ছোট্ট একটি জীববৈচিত্র্য। পানির নিচে দেশীয় প্রজাতির মাছ, পদ্মপাতায় নানা পাখির বিচরণ এবং বিলের চারপাশের প্রাকৃতিক গাছপালা এর সৌন্দর্য বাড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে ধলাবক, পানকৌড়ি, শালিক, বাটের মতো পাখির দেখা মেলে।

স্থানীয়দের মতে, গত ৬-৭ বছর ধরে পদ্মফুল দেখতে এই বিলে নারী-পুরুষের আনাগোনা বেড়েছে। সপরিবারে ঘুরতে আসা দর্শনার্থী সাগর মিয়া, রমীশ বর্মন, এহসানুল হক ও মাহবুবুর রহমান বলেন, মানুষের মুখে পদ্মবিলের কথা শুনে তারা এখানে এসেছেন। কাছ থেকে পদ্মফুল দেখে ভালো লাগছে বলেও জানান তারা।

বিলপাড়ে দেখা যায়, দর্শনার্থীদের ঘোরানোর জন্য রয়েছে বেশ কয়েকটি ডিঙিনৌকা। একেকটি নৌকায় ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়ায় এক ঘণ্টা ঘুরে দেখা যায় বিলের সৌন্দর্য। স্থানীয় অনেকেই নৌকা চালিয়ে আয় করছেন।

ডিঙিনৌকার মাঝি আফতাব মিয়া, আবুল কালাম, শহিদুল ইসলাম ও ফরহাদ মিয়াসহ অনেকে জানান, একজন মাঝি দিনে পাঁচ-ছয়বার করে দর্শনার্থীদের নিয়ে বিলে ঘোরেন। পদ্মফুল দেখিয়ে ভালোই আয় হচ্ছে বলে জানান তারা।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায় বলেন, হালকা গোলাপি রঙের পদ্মফুলের সৌন্দর্য ও সৌরভ মানুষের মন আকর্ষণ করে। খাদ্য ও ঔষধিগুণেও এ ফুল সমৃদ্ধ। পদ্মফুলকে অনেকে বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক হিসেবেও মনে করেন।

তিনি আরও বলেন, পদ্মফুল সাধারণত সাদা, গোলাপি বা হালকা গোলাপি রঙের হয়। লাল শাপলা ও পদ্মফুলের মধ্যে মিল থাকায় অনেকেই দুটি ফুল চিনতে ভুল করেন।

—জা. অর্থনীতি/এলএটি