আহত ঈগল পাখি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
ছবি: জাতীয় অর্থনীতি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে আহত অবস্থায় উদ্ধার হওয়া একটি বিলুপ্তপ্রায় ঈগল পাখিকে চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টের সূত্রে প্রাণিসম্পদ মন্ত্রীর দৃষ্টিগোচর হলে পাখিটি দ্রুত সংরক্ষণের এ উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে পাখিটি বুঝে নেন বন বিভাগের করিমগঞ্জ শাখার প্রতিনিধি। এর আগে গত ১৩ আগস্ট রাতে কুলিয়ারচর পৌরসভার তাতারকান্দি গ্রামের বাসিন্দা ইসরাত জাহান প্রেমার বাড়ির আঙিনায় আহত পাখিটি এসে পড়ে। তিনি সেটিকে উদ্ধার করে পরিচর্যা শুরু করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন।

বিষয়টি জানতে পেরে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের নির্দেশে ১৬ আগস্ট রাতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিতের নেতৃত্বে পাখিটি উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন খন্দকার এবং ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত জানান, মন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পাখিটি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। বন বিভাগের করিমগঞ্জ শাখার অফিস সহায়ক সুমন চৌধুরী জানান, প্রাতিষ্ঠানিক নিয়ম মেনেই পাখিটির পরবর্তী পরিচর্যা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হবে।  —জা. অর্থনীতি/এলএটি