ঘোড়াঘাটে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা গুরুতর আহত হয়েছেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তার কন্যা নুসাইফা আক্তার (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্পা বেগম তার মেয়ে ও বাবাকে নিয়ে মোটরসাইকেলযোগে ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় জামাতার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনেই সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। আহত অবস্থায় মেয়েটির বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি