বিনোদন ডেস্কঃ
আসন্ন ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের সিনেমা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রযোজক ও পরিচালকরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের চলচ্চিত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছেন ‘অস্কার বাংলাদেশ কমিটি’।
এজন্যে নির্ধারিত অনলাইন ফরম পূরণের পাশাপাশি জমা দিতে হবে প্রয়োজনীয় সব কাগজপত্র। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের নিয়ম মতে, চলচ্চিত্রটির দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি হতে হবে। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও জমা দেওয়া যাবে।
কিন্ত এর জন্যে রয়েছে কিছু শর্ত! সিনেমাটির মূল সংলাপের ৫০ শতাংশের বেশি বাংলাদেশি ভাষায় হতে হবে। এর সাথে থাকতে হবে স্পষ্ট ও নির্ভুল ইংরেজি সাবটাইটেল।
অস্কারের জন্য যোগ্য হতে হলে সিনেমাটি ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের জন্য মুক্তি পেতে হবে। প্রদর্শন হতে হবে অন্তত টানা সাত দিন।
এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির আগে টেলিভিশন, ওটিটি, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন বা ইন্টারনেটে প্রকাশ করা হলে সিনেমাটি অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারে। চলচ্চিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণও মূলত বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকতে হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে বাংলাদেশ থেকে একটি সিনেমা নির্বাচিত হবে। আগামী ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সিনেমার নাম জানানো হবে। গত বছর বাংলাদেশের হয়ে অস্কারে পাঠানো হয়েছিল লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’।
—জা.অর্থনীতি/এসআরএস
