সিলেট প্রতিনিধি: দুর্ঘটনা ও অসুস্থতায় প্রাণ হারানো ১৮ জন পরিবহন শ্রমিকের পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-২১৫৯)। সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৪০ হাজার টাকা করে মোট ৭ লাখ ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-২১৫৯) এর উদ্যোগে নিহতের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা বলেন, একজন পরিবহন শ্রমিকের মৃত্যু কেবল একজন ব্যক্তির বিদায় নয়, এর সঙ্গে একটি পরিবারের ভবিষ্যৎও থমকে যায়। নিহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, শ্রমিকরা পুলিশের প্রতিপক্ষ নয়, বরং সহযোগী। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে চালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসএমপির ট্রাফিক বিভাগের টিআই হাবিবুর রহমান, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন ও সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত পরিবারগুলো ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
—জা. অর্থনীতি/এলএটি
