কৃষিতে নারীর উদ্যোগ ও বাজারসংযোগে জোর সার্কের
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দিতে আঞ্চলিক বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির ওপর জোর দিয়েছে সার্ক। এ লক্ষ্যেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শুরু হয়েছে ৩ দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা।

‘দক্ষিণ এশিয়ায় কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও বাজারসংযোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক কর্মশালায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, কারিগরি বিশেষজ্ঞ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৪৫ জন অংশ নিচ্ছেন। কর্মশালা চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

কর্মশালায় আলোচনায় উঠে এসেছে, কৃষি ও প্রাণিসম্পদ খাতে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অর্থায়ন, প্রযুক্তি, দক্ষতা, সংগঠিত বাজার ও ব্যবসায়িক সহায়তার সীমিত সুযোগের কারণে অনেকেই উৎপাদক পর্যায়েই আটকে থাকেন। ফলে নারীদের শুধু উৎপাদক নয়, উদ্যোক্তা এবং মূল্যশৃঙ্খলের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দু’মাস পেছাল এসএসসি পরীক্ষা, শুরু মার্চের মাঝামাঝি

কর্মশালাটি আয়োজন করছে সার্ক কৃষি কেন্দ্র, শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশের উন্নত পুষ্টির জন্য বৈশ্বিক জোট এবং টেকসই কৃষি ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শ্রীলঙ্কার কৃষি, প্রাণিসম্পদ, ভূমি ও সেচ মন্ত্রণালয়ের সচিব ডি. পি. বিক্রমাসিংহে। সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস. পিয়াসিরি। স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. বি. এস. এস. পেরেরা।

কর্মশালার লক্ষ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন সার্ক কৃষি কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মসূচি বিশেষজ্ঞ (প্রাণিসম্পদ) ড. মো. ইউনুস আলী। দক্ষিণ এশিয়ায় টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উদ্যোক্তা উন্নয়ন এবং বাজারসংযোগ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য অধিদপ্তরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক ড. জি. সি. এস. কুরুগালা।

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন- টেকসই কৃষি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারহাদ জামিল, উন্নত পুষ্টির জন্য বৈশ্বিক জোটের কর্মসূচি প্রধান ড. আশেক মাহফুজ এবং সার্ক সচিবালয়ের পরিচালক শাহিয়া আলী মানিক। সার্ক সচিবালয়ের পরিচালক (কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল) তানভীর আহমদ তোরফদার ভার্চ্যুয়ালি যুক্ত হন।

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন ১ শতাংশের কম

তিন দিনের কর্মশালায় নারী উদ্যোক্তা উন্নয়ন, বাজারসংযোগ, জলবায়ু সহনশীল উৎপাদন, নিরাপদ খাদ্য ও পুষ্টি, পারিবারিক কৃষি, টেকসই জীবিকা এবং নারী ও তরুণদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন দেশের সফল উদ্যোগ ও উদ্ভাবনী মডেল বিনিময়ের মাধ্যমে সেগুলো অন্য দেশগুলোতে সম্প্রসারণের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

কর্মশালার অন্যতম লক্ষ্য হলো নারীনেতৃত্বাধীন কৃষি ও প্রাণিসম্পদ উদ্যোগের জন্য আঞ্চলিক বাজারসংযোগ জোরদার করা এবং এ খাতে কার্যকর নীতিকাঠামোর সুপারিশ তৈরি করা। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার নারীদের কৃষিভিত্তিক কর্মকাণ্ডকে আয়মুখী ও টেকসই ব্যবসায় রূপ দেওয়ার পথ তৈরি হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

—জা. অর্থনীতি/এনজে