খাগড়াছড়ি প্রতিনিধি: মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) খাগড়াছড়ি টাউনহলে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন সভাপতিত্ব করেন। সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। তিনি উল্লেখ করেন, মাদকের প্রভাবে মানুষ বিবেকহীন হয়ে খুনের মতো ভয়াবহ অপরাধে লিপ্ত হচ্ছে। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত অন্য বক্তারাও মাদকমুক্ত সমাজ গঠনে পারিবারিক ও সামাজিক সচেতনতার ওপর জোর দেন। এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
—জা. অর্থনীতি/এলএটি
