লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। স্থানীয়দের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে ফেলে যাওয়া দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেরত দিয়েছে বর্ডার গার্ড (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্ণেল মেহেদী ইমাম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার আগে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নং মেইন পিলার এলাকায় পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে শর্টগান, ওয়াকিটকি ফেরত দেওয়া হয়েছে।
'অবৈধ পথে বিদেশযাত্রা ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ'
এর আগে বিকেলে হাতিবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭ নং মেইন পিলার এলাকায় ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করে। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ধাওয়া দিলে দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা।
বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম। পরে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলে অস্ত্র ওয়াকিটকি ফেরত দেয় বিজিবি।
—জা.অর্থনীতি/এনজে
