নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাহার বাজারে মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিতে দ্রুত নির্বাচন, সদস্যদের ভোটাধিকার নিশ্চিত এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কমিটি গঠনের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে সমিতির সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ৫০০ মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির সদস্য ও স্থানীয়দের অভিযোগ, ১৯৯৯ সালে গঠিত ৭০০ বিঘা জমির আওতাভুক্ত এই সমিতিতে ২০২২ সালের পর থেকে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ২০২৬ সালে নির্বাচনের লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য মো. আমিরুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হলে প্রতিপক্ষ মো. রবিউল ইসলাম ও মো. আজাদ নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র শুরু করেন। তারা আমিরুল ইসলামের ওপর হামলা চালানোসহ নানাভাবে মিথ্যা মামলা, হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলে মানববন্ধনে দাবি করা হয়।
বক্তারা জানান, বিলের উন্নয়ন ও খাল পরিষ্কার কার্যক্রম বাঁধাগ্রস্ত করতেই প্রতিপক্ষ কুচক্রী মহলটি সাধারণ সদস্যদের বিভ্রান্ত ও হয়রানি করছে।
এ বিষয়ে ইতোমধ্যে গত ২৪ আগস্ট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হলেও প্রশাসন এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। অবিলম্বে নির্বাচন দিয়ে সদস্যদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
—জা. অর্থনীতি/এলএটি