গোবিপ্রবিতে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু
ছবি: জাতীয় অর্থনীতি

গোপালগঞ্জ প্রতিনিধি: দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) 'বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন' প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ শুরু হয়েছে। প্রথমবার গবেষকদের নিয়ে এ মিলনমেলার আয়োজন করেছে জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল।

শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জ্ঞানের কোনো সীমানা নেই। এই আয়োজন গবেষণায় আগ্রহীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জীবনে পাথেয় হয়ে থাকবে। অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সজীব বালা, গোবিপ্রবির প্রক্টর ড. এস এম আহসান ও ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব বক্তব্য দেন।

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিয়াজ আল হাসান জানান, দুই দিনে মোট সাতটি বিষয়ভিত্তিক সেশনে নির্বাচিত ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে, যা পরবর্তীতে ম্যাগাজিন আকারে প্রকাশিত হবে। এসব অধিবেশনে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মূল্যায়নকারীর দায়িত্ব পালন করবেন।

—জা. অর্থনীতি/এলএটি