জামালপুরে ২ সার ব্যবসায়ীকে জরিমানা, ১১২ বস্তা সার জব্দ
ছবি: জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা এবং ১১২ বস্তা সার জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে পৃথক দুই উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স ছাড়া সার মজুদ করায় বকশীগঞ্জের বগারচর ইউনিয়নে ব্যবসায়ী দুলালকে ২০ হাজার টাকা জরিমানা এবং তার গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

অপরদিকে দেওয়ানগঞ্জ পৌরসভার কালীতলা মোড়ে বিজিবি ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ী হাসান বশরিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৪০ বস্তা সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। জব্দ করা ৪০ বস্তা সার পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

—জা. অর্থনীতি/এলএটি