বেশি দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এবং ক্যাশ মেমো ছাড়া সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আজমীর হক পলাশ, যিনি উপজেলা সদরের বিএডিসি’র একজন অনুমোদিত সার ডিলার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আদিতমারী সদরের ভাদাই ইউনিয়নের মমিনের গ্যারেজ সংলগ্ন ‘রহমান অ্যান্ড সন্স’-এ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, সরকার নির্ধারিত প্রতি বস্তা ১০৫০ টাকার ডিএপি সার কৃষক পর্যায়ে ১১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে এবং সারের কোনো মেমো দেওয়া হচ্ছে না- এমন সংবাদের ভিত্তিতে দুপুরে যৌথ অভিযান চালানো হয়। সেখানে প্রাথমিক সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিলার আজমীর হক পলাশ দোষ স্বীকার করায় 'সার ব্যবস্থাপনা আইন ২০০৬'-এর ১২ ধারা মোতাবেক তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং ৫ বস্তা ডিএপি সার বাজেয়াপ্ত করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগম জানান, কৃষক পর্যায়ে সারের সঠিক মূল্য ও সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সার বিক্রি বা বণ্টনে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন বা অনিয়ম করা হলে তা বরদাস্ত করা হবে না এবং এ ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  —জা. অর্থনীতি/এলএটি