চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের ১ নম্বর পানির ট্যাংকের বিপরীতে অবস্থিত ‘ফুড জোন’ নামক একটি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাসি-পচা খাবার সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, রেস্তোরাঁটির রান্নাঘর ও খাবার সংরক্ষণাগার পরিদর্শনকালে প্রায় ৭০ কেজি পচা পেঁয়াজ ও তা দিয়ে খাদ্যসামগ্রী তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া ফ্রিজে দীর্ঘদিন ধরে অনিরাপদ অবস্থায় সংরক্ষিত বাসি মাছ, মাংস, শর্মা ও চিকেন পরোটাসহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে পাউরুটিসহ বিভিন্ন প্যাকেটজাত খাবারে উৎপাদনের তারিখ ও মেয়াদ না দিয়ে অস্বাস্থ্যকর লেবেলিংয়ের মাধ্যমে বাজারজাত করার অপরাধ ধরা পড়ে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ জানান, ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা বিপুল পরিমাণ পচা পেঁয়াজ ও প্রক্রিয়াজাত বাসি খাদ্যসামগ্রী স্পটে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরণের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি