সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিকের বর্ধিত ওয়ার্ডগুলো দীর্ঘদিন ধরে যোগাযোগসহ নানা নাগরিক সুবিধা থেকে অবহেলিত ছিল। এসব বর্ধিত এলাকাকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে যাতায়াত ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিসিকের ৪২ নম্বর ওয়ার্ডের উলাকিপাড়ায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক জানান, বর্ধিত ৪২ নম্বর ওয়ার্ডে ইতোমধ্যে প্রায় ১৫ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। কদমতলী এলাকায় সিসিকের 'অঞ্চল-৫'-এর কার্যালয় স্থাপন করার কথা উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের প্রশাসনিক সেবা গ্রহণের আহ্বান জানান তিনি। কর্পোরেশনের আয় ও রাজস্ব সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, বর্ধিত এলাকাগুলো থেকে এখনো হোল্ডিং ট্যাক্স আদায় শুরু না হলেও সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের মাধ্যমে পর্যায়ক্রমে সড়ক, ড্রেনেজ ও অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে তিনি ফলক উন্মোচনের মাধ্যমে কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সিসিক প্রশাসক উলাকিপাড়া এলাকায় ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি জানান, ভরাট হওয়া খাল উদ্ধার ও দ্রুত খনন করা গেলে এ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম সিদ্দিকী, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত ও সদস্য সচিব জামাল আহমদ। এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, উপসহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার ও খায়রুল ইসলাম অপু এবং জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি
