ইসলামী আইনের দোহাই দিয়ে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। বিক্ষোভকে গণতন্ত্র ও প্রজাতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

বুধবার (২ সেপ্টেম্বর) নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্যে মুজাহিদ বলেন, ইসলামি ব্যবস্থায় বিক্ষোভের কোনো স্থান নেই। সাধারণ মানুষ চাইলে সরাসরি শাসকের কাছে গিয়ে নিজেদের দাবি ও অভিযোগ জানাতে পারেন।

তার দাবি, বিক্ষোভ নিষিদ্ধ হলে মানুষের সময় নষ্ট হবে না এবং ব্যক্তিগত সম্পদের ক্ষয়ক্ষতিও এড়ানো সম্ভব হবে।

২০২১ সালে বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর দেশটিতে বড় ধরনের বিক্ষোভ তুলনামূলকভাবে কম দেখা গেছে। তবে গত মাসে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়।

তালেবানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, বিরোধীদের দমন করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত জুনে নারীদের অধিকার নিয়ে একটি বিক্ষোভে গুলির ঘটনায় দুজন নিহত হন। এরপর দেশটিতে আর বড় কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

জা.অর্থনীতি/এসআই