নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য পাইপলাইন থেকে তেল চুরির সময় বিষাক্ত গ্যাসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতের দিকে ওক্রিকা স্থানীয় সরকার এলাকার ওকারি জেটিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০-এর বেশি যুবক কাঠের নৌকায় করে জেটিতে জড়ো হন। তারা একটি পাইপলাইনে অবৈধভাবে সংযুক্ত ট্যাপিং পয়েন্ট থেকে পেট্রোলিয়াম পণ্য নৌকায় তোলার চেষ্টা করছিলেন।

পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানান, ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে তদন্ত চলছে।

পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার-এর নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস জানান, উচ্চচাপে পাইপলাইনে পেট্রোলিয়াম পণ্য সরবরাহের সময় সেটি অবৈধভাবে নৌকায় তোলার চেষ্টা করা হচ্ছিল। এতে বিপুল পরিমাণ বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। কয়েকজন নদীতে পড়ে ডুবে যান। নদীতে ভাসমান মরদেহ দেখা গেছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

রিভার্সসহ নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধ তেল উত্তোলন, পরিশোধন ও চোরাচালান দীর্ঘদিনের সমস্যা। এসব কর্মকাণ্ড বন্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক এক অভিযানে নাইজেরিয়ান নৌবাহিনী রিভার্স রাজ্যে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং প্রায় ৩৪ হাজার লিটার সন্দেহভাজন অবৈধভাবে পরিশোধিত অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করার কথা জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জা.অর্থনীতি/এসআই