আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
শুক্রবার রাতে কিনশাসার উত্তরাঞ্চলের লিঙ্গওয়ালা এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুনের সূত্রপাত হয়। শনিবার ভোর পর্যন্ত আগুন জ্বলতে থাকে। আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে অতিথিরা ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ভবনের সরু করিডোরগুলোতে ব্যাপক ভিড় তৈরি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের মধ্যে কয়েকজনকে জীবিত ও মৃত অবস্থায় ভবনের বাইরে সড়কের পাশে নিয়ে রাখা হয়। অনুষ্ঠানে উপস্থিত অন্যরা আহতদের উদ্ধারে সহযোগিতা করেন।
লিঙ্গওয়ালা এলাকার মেয়র নরবার্ট মুশিঙ্গা কঙ্গোলিজ প্রেস এজেন্সিকে জানান, প্রাথমিক হিসাবে ২২ জনের মৃত্যু হয়েছে। তবে উদ্ধার ও পরিস্থিতি পর্যালোচনা শেষে নিহতের সংখ্যা বাড়তে পারে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
ঘটনার পর শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি। তিনি ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেন।
ঘনবসতিপূর্ণ কিনশাসায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। অপরিকল্পিত নগরায়ণ এবং পর্যাপ্ত জরুরি সেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুষ্ক মৌসুমে শহরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা আরও বেড়ে যায়।
জা.অর্থনীতি/এসআই