আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলের মধ্য পাপুয়া প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে প্যানিয়াই শহরের একটি বাজারে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরি জে. মানুরুঙ্গ জানান, রাত ১২টার কিছু পর আগুন প্রথম নজরে আসে। ঘনবসতিপূর্ণ এলাকায় দোকান ও ঘরগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের দীর্ঘ সময় লেগে যায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে নিহত ১১ জনের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু। নিহত শিশুদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে। ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে পোড়ার আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আগুনটি তিন ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। এতে অন্তত ৪০টি দোকান ও বসতঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও পানির কামান ব্যবহার করা হলেও ঘনবসতির কারণে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সময় বেশি লাগে।
এ ঘটনায় আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা নতুন নয়। এর আগে গত ডিসেম্বরে মধ্য জাকার্তায় সাততলা একটি ভবনে আগুন লেগে ২২ জন নিহত হন।
সূত্র: এনডিটিভি
জা.অর্থনীতি/এসআই