অনলাইন ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নতুন ‘উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়।
নতুন বিধিমালায় নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত প্রকাশ্য মিছিল, শোডাউন ও শোভাযাত্রা করা যাবে না। ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান বা ট্রেন ব্যবহার করে মিছিল এবং প্রচারে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। এজন্য প্রচারণা শুরুর আগে ব্যবহৃত মাধ্যম সম্পর্কে রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে এবং ডিজিটাল প্রচারে ব্যয় হওয়া অর্থ নির্বাচনি ব্যয়ের হিসাবের অন্তর্ভুক্ত হবে।
এআই ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ বা ব্যক্তিগত আক্রমণমূলক কনটেন্ট তৈরি ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ভোটারদের প্রভাবিত করতে অর্থ, খাদ্য, পানীয় বা উপহার দেওয়াও নিষিদ্ধ।
ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে প্রচারণা চালানো যাবে না। সরকারি যানবাহন, প্রচারযন্ত্র বা সম্পদ ব্যবহার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রচারণায় অংশগ্রহণেও বিধিনিষেধ রয়েছে।
আচরণবিধি লঙ্ঘন প্রমাণিত হলে গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। বিধিমালা ভঙ্গের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
জা.অর্থনীতি/এসআই