অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষ, পথচারী নিহত
ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশের উজিরপুর উপজেলার ইচলাদী টোলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারী নিহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে কুয়াকাটা থেকে বেনাপোলগামী ‘সেভেন ডিলাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩১৪) সাথে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-শ-১৩-০১৮৬) মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় মহাসড়ক পার হতে যাওয়া আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারী বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি