বিনোদন ডেস্ক: প্রকাশ্যে গোমাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। বাংলাদেশে গিয়ে গোমাংস ও ইলিশের প্রশংসা করার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা ও ট্রোলিং। এমন পরিস্থিতিতে বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে এবার বিতর্কে জড়ালেন ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘ঝিলিক’খ্যাত অভিনেত্রী তিথি বসু।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিথি বলেন, বিশ্বজিৎ একজন প্রবীণ ও সৎ মানুষ। তাঁর মতে, বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও খাদ্যাভ্যাস নিয়ে এভাবে কটাক্ষ করাও উচিত নয়।
এরপরই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিথি দাবি করেন, টেলিভিশন ও সিনেমাজগতের অনেক শিল্পী-অভিনেতা আড়ালে কিংবা প্রকাশ্যেই গোমাংস খান। এমনকি তাঁর পরিচিত কয়েকজন ব্রাহ্মণ শিল্পীও সেটে বসে বিফ নিয়ে আলোচনা করতেন বলে দাবি করেন তিনি। কলকাতার কয়েকটি জনপ্রিয় জায়গায় গোমাংস খেতে বহু হিন্দুকে যেতে দেখেছেন বলেও মন্তব্য করেন তিথি।
তাঁর সবচেয়ে বিতর্কিত মন্তব্য, “মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি বিফ খায়!” একইসঙ্গে তিনি বলেন, অনেকে প্রকাশ্যে নিজেদের খাদ্যাভ্যাসের কথা না বললেও ব্যক্তিগতভাবে তা মেনে চলেন।
তিথির এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে পাল্টা সমালোচনা। কেউ তাঁর বক্তব্যকে ‘অপরিণত’ বলে কটাক্ষ করেছেন, আবার কেউ হিন্দু ধর্মের প্রসঙ্গ টেনে তাঁকে আক্রমণ করেছেন। অন্যদিকে, অনেকে মনে করছেন, খাদ্যাভ্যাস ব্যক্তিগত বিষয় হওয়ায় তা নিয়ে কাউকে হেনস্তা করা উচিত নয়। ফলে বিশ্বজিৎ চক্রবর্তীর গোমাংস বিতর্কে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিথি বসু।
সূত্র: সংবাদ প্রতিদিন
জা.অর্থনীতি/এসআই
