আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপকূলের কাছে হরমুজ প্রণালির পূর্বদিকে সাগরে তেল ছড়িয়ে পড়ার চিহ্ন শনাক্ত হয়েছে স্যাটেলাইটে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস কর্মসূচির স্যাটেলাইটে ধারণ করা সাম্প্রতিক দুটি ছবিতে পানির ওপর বাদামি রঙের দীর্ঘ ও আঁকাবাঁকা রেখা দেখা গেছে। বিশেষজ্ঞদের সহায়তায় ছবিগুলো বিশ্লেষণ করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এগুলো তেলের স্তর বা ‘অয়েল স্লিক’ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোপার্নিকাসের বুধবারের ছবিতে ইরানের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পানির ওপর বাদামি রঙের কয়েকটি দীর্ঘ রেখা দেখা যায়। একই এলাকার বৃহস্পতিবারের আরেকটি ছবিতেও প্রায় একই দৈর্ঘ্যের, তবে আরও বিস্তৃত ও winding বা আঁকাবাঁকা রেখা শনাক্ত হয়েছে। দুই দিনের ছবির তুলনায় সাগরের পানিতে তেলজাতীয় পদার্থ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষণে যুক্ত বিশেষজ্ঞরা।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে কয়েকটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ওই হামলার পরই সাগরে তেল ছড়িয়ে পড়ার এসব চিহ্ন স্যাটেলাইটে ধরা পড়ে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই অঞ্চলে তেল ছড়িয়ে পড়ার ঘটনা সামুদ্রিক পরিবেশের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও উদ্বেগ তৈরি করতে পারে। তবে স্যাটেলাইটে দেখা এসব রেখার সুনির্দিষ্ট উৎস ও পরিবেশগত ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে আরও তদন্ত প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
জা.অর্থনীতি/এসআই
