সাতক্ষীরা উপকূলে লঘুচাপের প্রভাবে বৃষ্টি, ৩ নম্বর সতর্কসংকেত
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। সাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার রূপ বদলে যায়। সাড়ে ১১টার দিকে উপকূলীয় এলাকায় শুরু হয় দমকা বাতাস এবং দুপুর ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়।

আবহাওয়া পূর্বাভাসের বরাত দিয়ে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সাতক্ষীরাসহ খুলনা বিভাগের অধিকাংশ জেলায় আগামী ৪৮ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতসহ দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এ নিয়ে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় সাগর ও নদীতে থাকা মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। একই সাথে উপকূলের নিম্নাঞ্চলের বাসিন্দাদের সার্বিক আবহাওয়া পরিস্থিতির খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি