আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার ঠিক আগে (জিএমটি ১৮:০০) রুয়েন শহরের দক্ষিণে ক্লেয়ন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি নরম্যান্ডি অঞ্চলের রুয়েন ও ক্যান শহরের মধ্যে চলাচল করছিল। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়। জরুরি সেবার অংশ হিসেবে ১৪০ জনের বেশি অগ্নিনির্বাপক কর্মী ও একাধিক উদ্ধারকারী দল সেখানে মোতায়েন করা হয়।
ফ্রান্সের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র ঝাঁকুনির পর ট্রেনটির তিনটি বগি উল্টে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে আতঙ্কিত যাত্রীদের বেরিয়ে আসতে দেখা গেছে।
তবে ট্রেনটি ঠিক কী কারণে লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ জানিয়েছে, দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প বাসসেবার ব্যবস্থা করা হচ্ছে।
জা.অর্থনীতি/এসআই