আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। তাদের দাবি, হুদায়দাহ ও তাইজ প্রদেশের ছয়টি জেলা থেকে সৌদি-সমর্থিত বাহিনীকে সরিয়ে প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। একই সঙ্গে কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির দিকে দ্রুত অগ্রসর হওয়ার কথাও জানিয়েছে তারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানী সানা থেকে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
তিনি বলেন, বড় আকারের সামরিক অভিযানে সৌদি-সমর্থিত বাহিনীর সাতটি ডিভিশন পরাজিত হয়েছে। এসব ডিভিশনের অধীনে ছিল ৩৮টি ব্রিগেড। অভিযানে শত শত যোদ্ধা নিহত ও আহত হয়েছেন। এ ছাড়া আরও অনেকে আটক হয়েছেন বলে দাবি করেন তিনি।
ইয়াহিয়া সারি আরও জানান, সৌদি-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন বন্দিশিবির থেকে বেশ কয়েকজন বন্দিকে মুক্ত করা হয়েছে। তার দাবি, এসব বন্দিকে অমানবিক পরিবেশে রাখা হয়েছিল।
ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ৩২টি অভিযান চালিয়ে সৌদি আরবের নয়টি বিমান প্রতিহত ও ভূপাতিত করেছে বলেও দাবি করেন তিনি।
সারি বলেন, লোহিত সাগর দিয়ে সব ধরনের জাহাজ চলাচল অব্যাহত থাকবে। তবে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজের ওপর নৌ অবরোধ বহাল থাকবে। সৌদি আরব সামরিক চাপ ও অবরোধ অব্যাহত রাখলে ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি বজায় রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জা.অর্থনীতি/এসআই
