টানা তিন দফা কমল স্বর্ণের দাম, আজকের দর কত?

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম ওঠানামা করছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের বাজারে বাজুস নির্ধারিত নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম বেশি ছিল।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৮০৭ টাকা। নতুন দামে এই মানের স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই