৮৭ লাখ টাকার হোল্ডিং ট্যাক্স পরিশোধ করল শাবিপ্রবি
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২৬-২৭ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স বাবদ ৮৭ লাখ ৮৭ হাজার ৯৫২ টাকা পরিশোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে এ অর্থ পরিশোধের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

চেক হস্তান্তরকালে রেজিস্ট্রার, শাবিপ্রবি উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. খায়রুল ইসলামের পক্ষে সিসিক প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এক কিলোমিটার রাস্তার টেন্ডার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করায় সিসিক প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়। একই সাথে উক্ত সড়কটির নির্মাণকাজ দ্রুত শুরু করার পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য সিসিক প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী ও অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) মো. ফয়ছল আহমদ এবং সিলেট সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার ও প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব উপস্থিত ছিলেন।  

—জা. অর্থনীতি/এলএটি