লালমনিরহাট প্রতিনিধি: অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে ফুসে উঠেছে লালমনিরহাটে কর্মরত সাংবাদিক সমাজ। ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে অংশ নিয়ে অবিলম্বে এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার শতাধিক সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মামলায় অভিযুক্ত সাংবাদিক দুজন হলেন- জাতীয় দৈনিক ‘কালবেলা’র লালমনিরহাট জেলা প্রতিনিধি এস কে সাহেদ এবং ‘দৈনিক নয়াদিগন্ত’-এর জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি জুবাইর আহমেদ খান রোহান।
মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি ‘তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’-এর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন ওই দুই সাংবাদিক। এতে ক্ষিপ্ত হয়ে একটি স্বার্থান্বেষী মহল অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মিথ্যা মামলা দায়ের করেছে।
মানববন্ধনে সংহতি জানিয়ে ৭১ টেলিভিশনের সাংবাদিক মিলন পাটোয়ারী, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি এস আর রতন, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, লালমনিরহাট প্রেসক্লাবের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন এবং জ্যেষ্ঠ সাংবাদিক গকুল রায়সহ অনেকে বক্তব্য দেন।
সমাবেশে জ্যেষ্ঠ সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলা-হামলা চালিয়ে কোনোভাবেই সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। জনস্বার্থে অনিয়মের তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। আইনি চাপ সৃষ্টি করে এই পথ রোধ করা হলে তা হবে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।"
বক্তারা অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, প্রকৃত অনিয়মকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং জেলায় স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জোড় দাবি জানান।
—জা. অর্থনীতি/এলএটি
