শব্দতরঙ্গেই ক্যান্সার টিউমার ধ্বংসের নতুন সম্ভাবনা

প্রযুক্তি ডেস্ক: মানুষের শরীরের ভেতরের ছবি তৈরিতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত আলট্রাসাউন্ড এবার ক্যান্সারের টিউমার ধ্বংসেও নতুন সম্ভাবনা তৈরি করছে। উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ ব্যবহার করে শরীর না কেটে টিউমার ভেঙে ফেলার প্রযুক্তি নিয়ে এগোচ্ছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের বায়োমেডিক্যাল প্রকৌশলী জেন জুর গবেষণা থেকে ‘হিস্টোট্রিপসি’ নামে এ পদ্ধতির বিকাশ। শূকরের হৃদপিণ্ডের টিস্যুতে পরীক্ষা চালানোর সময় তিনি দেখতে পান, খুব দ্রুত ছোট ছোট পালসে আলট্রাসাউন্ড প্রয়োগ করলে টিস্যুর ভেতরে ক্ষুদ্র বুদ্‌বুদ তৈরি হয়। এসব বুদ্‌বুদ দ্রুত ফুলে ওঠা ও চুপসে যাওয়ার ফলে টিউমারের টিস্যু যান্ত্রিকভাবে ভেঙে যায়।

২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন যকৃতের টিউমারের চিকিৎসায় হিস্টোট্রিপসির অনুমোদন দেয়। পরবর্তী এক গবেষণায় যকৃতের টিউমারের ৯৫ শতাংশ ক্ষেত্রে পদ্ধতিটি প্রযুক্তিগতভাবে সফল হয়। চলতি বছরের জুনে যুক্তরাজ্যেও পরীক্ষামূলকভাবে এ চিকিৎসা চালু হয়েছে।

গবেষকদের মতে, হিস্টোট্রিপসির অন্যতম সুবিধা হলো এতে তাপ ব্যবহার করতে হয় না। ফলে আশপাশের সুস্থ টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম হতে পারে। সাধারণত রোগীকে অচেতন রেখে রোবোটিক বাহুর সাহায্যে টিউমারের নির্দিষ্ট অংশে আলট্রাসাউন্ড প্রয়োগ করা হয়।

তবে সব ধরনের ক্যান্সারে এখনো এ পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয়। হাড় বা গ্যাসপূর্ণ অঙ্গ আলট্রাসাউন্ডের পথে বাধা তৈরি করতে পারে। এ ছাড়া দীর্ঘমেয়াদে ক্যান্সার ফিরে আসার ঝুঁকি এবং শরীরের অন্যত্র ছড়িয়ে পড়া নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

এদিকে উচ্চমাত্রার কেন্দ্রীভূত আলট্রাসাউন্ড বা এইচআইএফইউ ব্যবহার করেও টিউমার ধ্বংসের গবেষণা চলছে। আলট্রাসাউন্ডের সঙ্গে ইমিউনোথেরাপি যুক্ত করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষের বিরুদ্ধে সক্রিয় করার সম্ভাবনাও খতিয়ে দেখছেন গবেষকরা।

জা.অর্থনীতি/এসআই