বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কানাডার প্রতি আহ্বান

অনলাইন ডেস্ক: বাংলাদেশে কানাডার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)-এর সহসভাপতি ফেরদৌস আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশে কানাডার বিনিয়োগ সুরক্ষায় একটি উপযুক্ত আইনি কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন বিবিসিসি প্রতিনিধিরা।

এ সময় কানাডার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির সুযোগ তুলে ধরেন প্রতিনিধিরা।

তারা জানান, কানাডা চীন ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ পোশাক আমদানি করে। ফলে দেশটির পোশাকের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

বৈঠকে কানাডার বৃহৎ তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং বাজারের বিষয়টিও উঠে আসে। দক্ষ জনবল থাকা সত্ত্বেও বাংলাদেশ বর্তমানে এ বাজারের সামান্য অংশ দখল করে আছে উল্লেখ করে প্রতিনিধিরা এ খাতে বাংলাদেশের বড় সম্ভাবনার কথা জানান।

এ ছাড়া বাংলাদেশে প্রয়োজনীয় পরীক্ষাগার সুবিধার অভাবে কানাডায় চিংড়ি রপ্তানিতে সৃষ্ট সমস্যার বিষয়টিও তারা তুলে ধরেন।

আলোচনায় বাংলাদেশে আরও বেশি কানাডীয় এফডিআই আকর্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন শ্যামা ওবায়েদ। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নেওয়া উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিবিসিসি প্রতিনিধিরা জানান, বাংলাদেশের পণ্য কানাডার বাজারে তুলে ধরতে আগামী বছর কানাডায় একটি রোডশো আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। এ উদ্যোগে সরকারের সহযোগিতা চান তারা।

উদ্যোগটির প্রশংসা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিতে বিবিসিসিকে অনুরোধ করেন তিনি।

জা.অর্থনীতি/এসআই