আগামী মাসে রূপপুরের বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে

অনলাইন ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত। পাশাপাশি মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

আলেকজান্ডার খোজিন বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে মস্কোতে বিজনেস ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রোফাইল অনুযায়ী ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠকসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হবে।

বৈঠকে এফবিসিসিআই প্রশাসক তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক রপ্তানির ওপর গুরুত্ব দেন। বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবসম্পদ রপ্তানির বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

জবাবে রুশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রক্রিয়াগত ও আইনি বিষয় পর্যালোচনা করছে। এ ছাড়া রাশিয়ায় ভারী জুতা ও চামড়াজাত পণ্যের চাহিদা রয়েছে।

কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কাজের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে বলেও জানান তিনি।

এদিকে পৃথক বৈঠকে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’-এ বাংলাদেশি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানান। এফবিসিসিআই প্রশাসক এতে ইতিবাচক সাড়া দেন।

জা.অর্থনীতি/এসআই