ঢাকার বাতাস মাঝারি, দূষণের শীর্ষে বেইজিং

অনলাইন ডেস্ক: ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর অথবা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। বিশেষ করে শীতকাল তথা শুষ্ক মৌসুমে রাজধানীর বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। এমনকি বৃষ্টির দিনগুলোতেও অনেক সময় নগরবাসী কাঙ্ক্ষিত মানের নির্মল বাতাস পান না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ৭৩। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে দূষণের দিক থেকে ঢাকার অবস্থান ছিল ২৮তম।

বায়ুর মান সূচকে শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বাতাসকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

এদিকে, আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে চীনের রাজধানী বেইজিং। শহরটির একিউআই স্কোর ১৭৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের। ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও ভিয়েতনামের হো চি মিন সিটি ১৬৩ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে। ভারতের দিল্লি ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

অন্যদিকে, সবচেয়ে ভালো বায়ুর মান রেকর্ড হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। শহরটির একিউআই স্কোর ৭।

জা.অর্থনীতি/এসআই