অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচন ও ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতিমূলক সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ-৫২০-এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।
ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়গুলো সভায় গুরুত্ব পাবে।
এর আগে মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।
নির্বাচন কমিশনের এ প্রস্তুতিমূলক সভাকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জা.অর্থনীতি/এসআই