চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে দুর্ঘটনাবশত নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ভবন নির্মাণ ঠিকাদারের মৃত্যু হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শহরের বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনিস্থ আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই এলাকারই স্থানীয় বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো নির্মাণাধীন ভবনে গিয়ে শ্রমিকদের কাজের তদারকি ও পরিদর্শন করছিলেন ঠিকাদার দেলোয়ার হোসেন। পাঁচতলার ছাদে অবস্থানকালে হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে বা ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক পরীক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড. মো. নাজমুল তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
ওসি জানান, "খবর পাওয়ার পরপরই হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"
—জা. অর্থনীতি/এলএটি
