মার্কিন আলোচনার আগে ৭ শর্ত জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসার আগে সাতটি সুনির্দিষ্ট শর্ত দিয়েছে ইরান। দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ও প্রভাবশালী নেতা মহসিন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওয়াশিংটনের প্রতি তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

পোস্টে মহসিন রেজাই বলেন, মধ্যপ্রাচ্যে নিজেদের তৈরি ফাঁদ থেকে বেরিয়ে আসতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের মৌলিক অধিকার ও শর্তগুলো মেনে নিতে হবে। অন্যথায় চলমান সংকট থেকে বেরিয়ে আসার আর কোনো পথ যুক্তরাষ্ট্রের জন্য খোলা নেই বলেও সতর্ক করেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রেজাই জানান, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হোয়াইট হাউসে ইতোমধ্যে ইরানের শর্তগুলো পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে তেহরান তার অবস্থান স্পষ্ট করেছে। এসব শর্ত পূরণ না হলে কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হবে না বলে ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌঅবরোধ প্রত্যাহার।

মহসিন রেজাইয়ের বক্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের সম্ভাবনা নিয়ে বিভিন্ন পক্ষের তৎপরতার মধ্যেই তেহরান নিজেদের শর্ত সামনে আনল।

রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, ইরান আলোচনার আগে নিজেদের মৌলিক অধিকার ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করতে চাইছে। তবে সাতটি শর্তের সবগুলো বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

জা.অর্থনীতি/এসআই