অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

অনলাইন ডেস্ক: দেশের মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশব্যাপী ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ট্রমা সেন্টারগুলো আধুনিকায়ন করে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ নামে চালু করা হবে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য লজিস্টিকস নিশ্চিত করে পর্যায়ক্রমে এসব কেন্দ্রে চিকিৎসাসেবা চালু করা হবে।

গত ১২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বিদ্যমান ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন এবং সড়ক ও মহাসড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করে নতুন কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী এক্স-রে মেশিন, অ্যাম্বুলেন্স ও অন্যান্য সরঞ্জামের সংস্থান স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত বাজেট থেকে করার নির্দেশনাও দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে ১০টি এবং ২০১০ সালে আরও ১৪টি ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে মাত্র দুটিতে সীমিত পরিসরে বহির্বিভাগ চালু রয়েছে। প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদনের অভাবে অধিকাংশ কেন্দ্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত।

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দিতে এসব কেন্দ্র নির্মাণ করা হলেও পরিকল্পনা অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি। প্রতিটি কেন্দ্রে ১৪ জন চিকিৎসক ও ১০ জন নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী থাকার কথা ছিল।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ট্রমা সেন্টারগুলো চালুর পাশাপাশি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলভিত্তিক সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই