আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোর সঙ্গে লোহিত সাগর উপকূলের যোগাযোগ বিচ্ছিন্ন করতে কৌশলগত উচ্চভূমি দখলের দিকে এগোচ্ছে হুতিরা। এমন পরিস্থিতিতে সৌদি আরবের অনুরোধে হুতিদের ওপর বিমান হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধের পর ট্রাম্প পেন্টাগনকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। তবে পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। হামলার জন্য বিমান ও বোমা প্রস্তুত করার পর্যায়েও এ সিদ্ধান্ত বদলানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি মাসে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে তাইজ শহরে; সাম্প্রতিক উত্তেজনার পর সেখানে প্রায় ৮৬ হাজার বাস্তুচ্যুত মানুষ পৌঁছেছে।
ইরান-সমর্থিত হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি এলাকাতেও তারা অগ্রসর হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে অস্থিরতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলার উপকণ্ঠ ও রাস আল-আরা এলাকায় বর্তমানে তীব্র লড়াই চলছে। হুতিদের লক্ষ্য বাব আল-মান্দাবের আশপাশে নিজেদের বাহিনীর পেছনের অবস্থান সুরক্ষিত করতে পাহাড়ি এলাকাগুলো দখল করা। এতে তারা নতুন করে বিভিন্ন ফ্রন্টে অভিযান চালানোর সুযোগ পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এদিকে সৌদি আরব সাম্প্রতিক দিনগুলোতে কাহবুব পাহাড় এলাকায় হুতিদের অবস্থানে শত শত হামলা চালানোর দাবি করলেও এতে হুতিদের অগ্রযাত্রা থামানো যায়নি।
জা.অর্থনীতি/এসআই