জাতিসংঘের কাছে স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি একটি পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে তল্লাশি চালায় পুলিশ। প্রায় ৯০ মিনিট পর তল্লাশি শেষে স্যুটকেসটিকে সন্দেহমুক্ত ঘোষণা করা হয়।

মঙ্গলবার দুপুরের পর ম্যানহাটনের মিডটাউন ইস্ট এলাকায় একটি কালো স্যুটকেস পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউ এলাকায় স্যুটকেসটি শনাক্ত করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একটি কুকুর স্যুটকেসটির ভেতরে কিছু শনাক্ত করার পর পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। ঘটনাস্থলটি ক্রাইসলার বিল্ডিংয়ের কাছে এবং জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র দুই অ্যাভিনিউ দূরে। ওই সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলছিল এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার পর এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিসেস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল বন্ধ করে দেয় এবং এলাকা ঘিরে ফেলে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলও সেখানে গিয়ে স্যুটকেসটি পরীক্ষা করে।

তদন্ত চলাকালে সেকেন্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত ৪২, ৪৩ ও ৪৪তম স্ট্রিটের কিছু অংশ বন্ধ রাখা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার একটি ভবনও খালি করে দেওয়া হয়।

স্যুটকেসটি পাওয়ার প্রায় ৯০ মিনিট পর পুলিশ জানায়, তল্লাশি শেষে এতে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। পরে সড়কগুলো খুলে দেওয়া হয় এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।

জা.অর্থনীতি/এসআই