নেতানিয়াহুর ভাষণের সময় নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার ১০৩

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের সময় নিউইয়র্কে একাধিক বিক্ষোভ হয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে জবাবদিহি নিশ্চিত এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ থেকে ১০৩ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।

ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস (জেভিপি) জানায়, বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের কাছে তাদের আয়োজিত কর্মসূচিতে সেলিব্রিটি, সংগঠক ও রাজনীতিকসহ ৪০০ জনের বেশি মানুষ অংশ নেন। নেতানিয়াহুর ভাষণের আগে বিক্ষোভকারীরা ফার্স্ট অ্যাভিনিউয়ের একটি অংশে অবস্থান নেন। জেভিপি ও এনওয়াইসি ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (এনওয়াইসি-ডিএসএ) কর্মসূচিটির নেতৃত্ব দেয়।

পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ১০৩ জনকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নয়জন নির্বাচিত জনপ্রতিনিধি অথবা নির্বাচনে প্রার্থী ছিলেন।

এর কয়েক ঘণ্টা পর ফিলিস্তিন ইয়ুথ মুভমেন্ট ও দ্য পিপলস ফোরামের আয়োজনে হাজারো মানুষ জাতিসংঘ সদর দপ্তরের দিকে মিছিল করেন।

এদিকে ইউএনজিএতে দেওয়া ভাষণে গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে-এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি অভিযোগটিকে ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েল বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

নেতানিয়াহু নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিরও সমালোচনা করেন। জবাবে মামদানি বলেন, নেতানিয়াহু গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে বৈধতা দিতে ‘ভিত্তিহীন মিথ্যা’ পুনরাবৃত্তি করছেন।

জা.অর্থনীতি/এসআই