হঠাৎ বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
ছবি: জাতীয় অর্থনীতি

শার্শা (যশোর) প্রতিনিধি: কোনো পূর্বঘোষণা ছাড়াই দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, ইমিগ্রেশন পারাপার কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন পণ্য ওঠানামার শেড সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শকালে পাসপোর্টধারী যাত্রীদের সেবার মানোন্নয়ন, সার্বিক নিরাপত্তা জোরদার ও ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান এবং যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে সাথে নিয়ে বন্দর প্রাঙ্গণে উপস্থিত হন।

পরবর্তীতে আয়োজিত এক সংক্ষিপ্ত পর্যালোচনা সভায় বন্দরের সার্বিক পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ সময় আন্তর্জাতিক যাত্রীদের হয়রানি বন্ধে সেবার মান বৃদ্ধি, ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণ এবং নিরাপত্তা জোরদারের কৌশল নিয়ে কর্মকর্তাদের সঙ্গে তিনি বিষদ আলোচনা করেন। একই সাথে দ্বিপাক্ষিক আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণের উপায় নিয়ে সংশ্লিষ্টরা মতামত বিনিময় করেন।

সভা শেষে প্রতিমন্ত্রী বেনাপোল-পেট্রাপোল জিরো পয়েন্ট, আন্তর্জাতিক ইমিগ্রেশন এলাকা ও বাণিজ্যিক শেডসমূহ পরিদর্শন করেন এবং অবকাঠামোগত নানা দিক খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. রুহুল আমিনসহ ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

—জা. অর্থনীতি/এলএটি