অনলাইন ডেস্ক: যুদ্ধের ময়দান পেরিয়ে এবার ইউক্রেনের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাও কি রাশিয়ার বড় হামলার লক্ষ্যবস্তু? কিয়েভস্টারের সদর দপ্তর থেকে ডেটা সেন্টার, একইদিনে একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার খবর! এতে প্রায় এক লাখ পরিবারের ইন্টারনেট ও যোগাযোগ সেবা ব্যাহত হওয়ায়, নতুন করে প্রশ্ন উঠছে রাশিয়ার হামলার কৌশল নিয়ে।
ইউক্রেনের বৃহত্তম মোবাইলসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিয়েভস্টারের সদর দপ্তরে হামলা চালিয়েছে রাশিয়া! রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভস্টার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাজধানী কিয়েভে তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একইদিনে দেশটির বিভিন্ন ডেটা সেন্টার ও যোগাযোগ অবকাঠামোতেও হামলার খবর পাওয়া গেছে! রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর ভোডাফোন ইউক্রেনের একটি ডেটা সেন্টারেও হামলা চালানো হয়েছে। তবে, এ বিষয়ে ভোডাফোন ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওইদিন সকালে কিয়েভের একটি ডেটা সেন্টারে দুই দফা হামলা চালানো হয়। এতে দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন বলে জানান তিনি।
ইউক্রেনের ডিজিটাল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশটির ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ডেটা সেন্টারেও হামলা হয়েছে। এসব হামলার কারণে কিয়েভ ও আশপাশের এলাকায় প্রায় এক লাখ পরিবারের ইন্টারনেট ও যোগাযোগ সেবা ব্যাহত হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তার দাবি, এর উদ্দেশ্য তথ্যপ্রবাহ ব্যাহত করা। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে দ্রুত সতর্কবার্তা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে যোগাযোগ অবকাঠামো ও ডেটা সেন্টারে হামলার ঘটনা নতুন করে সামনে এসেছে।
যুদ্ধের ময়দান পেরিয়ে এবার ইউক্রেনের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাও কি রাশিয়ার বড় হামলার লক্ষ্যবস্তু? কিয়েভস্টারের সদর দপ্তর থেকে ডেটা সেন্টার, একইদিনে একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার খবর! এতে প্রায় এক লাখ পরিবারের ইন্টারনেট ও যোগাযোগ সেবা ব্যাহত হওয়ায়, নতুন করে প্রশ্ন উঠছে রাশিয়ার হামলার কৌশল নিয়ে।
ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটর কিয়েভস্টারের সদর দপ্তরে হামলা হয়েছে। একইদিনে বিভিন্ন ডেটা সেন্টার ও যোগাযোগ অবকাঠামোতেও হামলার খবর পাওয়া গেছে! কিয়েভস্টারের কার্যালয়ে হামলায় কোনো হতাহত হয়নি। তবে, কিয়েভের একটি ডেটা সেন্টারে হামলায় দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। এসব হামলায় প্রায় এক লাখ পরিবারের ইন্টারনেট ও যোগাযোগ সেবা ব্যাহত হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
