ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করার সময় আগে থেকে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- খারুয়ালী গ্রামের মরহুম মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬৫) এবং একই বাড়ির মরহুম আজিজ আকন্দের ছেলে শাহাব উদ্দিন আকন্দ (৬৩)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ধনু আকন্দ বাড়ির উত্তর পাশে নিজের কৃষি জমিতে কাজ করতে যান। সেখানে জমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারের সাথে অসাবধানতাবশত জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ধনু আকন্দকে উদ্ধার করতে তাৎক্ষণিক এগিয়ে আসেন তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ। ঘটনাস্থলে পৌঁছামাত্র তিনিও একই ছেঁড়া তারের সংস্পর্শে এসে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে স্থানীয়রা শাহাব উদ্দিনকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ জানান, সকাল ৯টার দিকে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকার বিষয়টি দেখতে পেয়ে তিনি নিজ উদ্যোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছিলেন। তবে অভিযোগ সত্ত্বেও সংযোগ বিচ্ছিন্ন করা বা তার অপসারণের কোনো দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে ক্ষোভের বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. নাসির উদ্দিন জানান, "অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার খবরটি আমরা পেয়েছি। এ ঘটনায় একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে আমাদের অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলা প্রমাণ হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

ঘটনাস্থলে কৃষিজমিতে বিদ্যুতের লাইন ছিঁড়ে থাকার কারণ ও দুর্ঘটনার সময় বিদ্যুৎ সচল থাকার বিষয়ে তদন্ত চলছে। লোকালয় ও ফসলি জমিতে এভাবে ঝুঁকিপূর্ণ তার পড়ে থাকা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অনতিবিলম্বে ঝুঁকিপূর্ণ সব তার সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।  

—জা. অর্থনীতি/এলএটি