সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, কীভাবে?
ছবি: জাতীয় অর্থনীতি

অনলাইন ডেস্ক: এআই এজেন্ট কি এবার সরকারি সাইবার নিরাপত্তার দেয়ালও টপকে যাচ্ছে? সরকারি স্বাস্থ্য ডেটা পোর্টালে অনুমতি ছাড়া প্রবেশ করেছে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট! সরকার বলছে, মূল নেটওয়ার্কে বড় ক্ষতির প্রমাণ নেই, তবে ঘটনাটি স্পষ্টতই অগ্রহণযোগ্য। এআই এজেন্টের এমন আচরণ ঠেকাতে কতটা প্রস্তুত সরকারি সাইবার নিরাপত্তা? 

অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য ডেটা পোর্টালে অনুমতি ছাড়া প্রবেশ করেছে ওপেনএআইয়ের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট! গত জুনে ঘটনাটি ঘটে বলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া সরকার। ধারণা করা হচ্ছে, কোনো স্বায়ত্তশাসিত এআই এজেন্টের মাধ্যমে সরকারি ওয়েবসাইটে অনুপ্রবেশের এটিই বিশ্বের প্রথম ঘটনা! 

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানান, চিকিৎসা সংক্রান্ত খরচ নিয়ে গবেষণার সময় ওপেনএআইয়ের এআই এজেন্ট দেশটির সার্বজনীন স্বাস্থ্য বিমা কর্মসূচি ‘মেডিকেয়ার’-এর পরিসংখ্যান পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে।

আলবানিজ বলেন, বর্তমান প্রমাণ অনুযায়ী মূল নেটওয়ার্কে বড় কোনো ক্ষতি হয়নি। তবে, এ ধরনের পরিস্থিতিকে তিনি স্পষ্টতই অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। 

ঘটনার প্রায় তিন মাস পর সরকারকে জানানোর কারণে ওপেনএআইয়ের সমালোচনা করেছেন আলবানিজ। তার ভাষ্য, ১০ সেপ্টেম্বরের আগে কোম্পানিটি সরকারকে কিছু জানায়নি। এ ঘটনায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের কাছে চরম উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। 

ওপেনএআই অবশ্য বলেছে, তাদের পর্যালোচনায় কোনো রোগীর ব্যক্তিগত তথ্য বা মেডিকেল রেকর্ড বেহাত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির দাবি, প্রশ্নের উত্তর খোঁজার সময় তাদের মডেল কয়েকটি অস্ট্রেলীয় সরকারি ওয়েবসাইট ও সেবায় কিছু অপ্রত্যাশিত কার্যকলাপ চালিয়েছে, যা তাদের উদ্দেশ্য ছিল না।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছেন, আক্রান্ত মেডিকেয়ার পোর্টালে ২ কোটি ৭০ লাখ মানুষের ব্যক্তিগত আর্থিক লেনদেন বা চিকিৎসার ইতিহাস ছিল না। সেখানে মূলত জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবহারের সামষ্টিক পরিসংখ্যান ছিল।

আলবানিজ বলেন, ওয়েবসাইটে এআই এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু এআই এজেন্ট সেই বাধা এড়িয়ে বিকল্প পথ খুঁজে নেয়। 

ঘটনাটি তদন্তে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে অস্ট্রেলিয়া সরকার। আইন লঙ্ঘন হয়েছে কি না, বিদ্যমান আইন ও নীতিমালা এ ধরনের এআই সংশ্লিষ্ট সাইবার ঘটনা মোকাবিলায় কতটা কার্যকর এবং ভবিষ্যতে কী ব্যবস্থা প্রয়োজন, তা পর্যালোচনা করবে টাস্কফোর্স। 

এআই এজেন্ট কি এবার সরকারি সাইবার নিরাপত্তার দেয়ালও টপকে যাচ্ছে? সরকারি স্বাস্থ্য ডেটা পোর্টালে অনুমতি ছাড়া প্রবেশ করেছে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট! সরকার বলছে, মূল নেটওয়ার্কে বড় ক্ষতির প্রমাণ নেই, তবে ঘটনাটি স্পষ্টতই অগ্রহণযোগ্য। এআই এজেন্টের এমন আচরণ ঠেকাতে কতটা প্রস্তুত সরকারি সাইবার নিরাপত্তা? 

অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য ডেটা পোর্টালে অনুমতি ছাড়া প্রবেশ করেছে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট! চলতি বছর জুনে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, মূল নেটওয়ার্কে বড় ক্ষতির প্রমাণ নেই, তবে ঘটনাটি অগ্রহণযোগ্য। ওপেনএআই দাবি করেছে, কোনো রোগীর ব্যক্তিগত তথ্য বা মেডিকেল রেকর্ড বেহাত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।  

 

—জা. অর্থনীতি/এলএটি