গাইবান্ধা প্রতিনিধি: প্রান্তিক নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ও মরণব্যাধি ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সাঘাটায় দিনব্যাপী বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি এবং রোটারি ক্লাব অব ঢাকার যৌথ উদ্যোগে এ বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, দিনব্যাপী এই ক্যাম্পে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬৩ জন নারী নিবন্ধনপূর্বক স্বাস্থ্যপরীক্ষা সেবা গ্রহণ করেন। পরীক্ষার ফলাফলে ভিয়া (VIA) পজিটিভ পাওয়া না গেলেও ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনে (CBE) ১ জন, পলিপ আক্রান্ত ৩ জন এবং প্রোল্যাপস রোগে আক্রান্ত ৬ জন রোগী শনাক্ত করা হয়। পরবর্তীতে শনাক্তকৃত এসব রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও রেফারেল নির্দেশনা প্রদান করেন চিকিৎসকরা।
ক্যাম্প পরিচালনায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুস মিস আকন্দ এবং আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল্লাহ আল ফারুক সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোছা. লাইলী পারভিন, এলাকা ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, শাখা ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, কৃষি ও বীমা সম্প্রসারণ কর্মকর্তা মো. মফিজুল ইসলাম এবং ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী মো. সানাউল্লাহ হক। স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমটি পরিচালনা করেন সিনিয়র নার্স আতিয়া সুলতানা, সাদিয়া বিশ্বাস, আদুরী রানী ও রেশমা আক্তার।
বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও স্ক্রিনিং সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সুবিধা বঞ্চিত নারীরা। গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এমন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে সাঘাটায় নিয়মিত এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আহ্বান জানান তারা।
—জা. অর্থনীতি/এলএটি