আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিংয়ে ইরানের হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে সিবিএস নিউজ। ভিডিওতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুহূর্ত এবং বিস্ফোরণের পর ঘাঁটির বিভিন্ন স্থাপনা ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি দেখা গেছে।
সিবিএস নিউজ জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে ঘাঁটিতে থাকা প্রায় ৭ হাজার মার্কিন সেনার বেশিরভাগকেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। তবে শতাধিক সেনা ক্যাম্প বুহরিংয়ে থেকে যান। যুদ্ধ শুরুর পর ঘাঁটিটি বারবার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়। তিন মার্কিন সেনা সিবিএসকে জানান, হামলায় ইরানের এফ-৫ যুদ্ধবিমানও অংশ নেয়।
হামলার সময় সেনাদের একটি অংশকে কুয়েতের উদারি মরুভূমিতে সরিয়ে নেওয়া হয়। সেখানে সেনারা .৫০ ক্যালিবারের গোলাবারুদ ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতির মুখে পড়েন। পরে পরিস্থিতির অবনতি হলে সেনাদের ঘাঁটি ছেড়ে মরুভূমির বিভিন্ন অস্থায়ী অবস্থানে চলে যেতে হয়।
হামলায় ক্যাম্প বুহরিংয়ে কোনো মার্কিন সেনা নিহত না হলেও কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুজন মরুভূমিতে বজ্রপাতে আহত হন। একজনের শরীরে দগ্ধ হওয়ার পাশাপাশি অন্যজনের কানের পর্দা ফেটে যায়।
সিবিএসের কাছে এক সেনা বলেন, ‘ক্যাম্প বুহরিং ধ্বংস হয়ে গেছে। সেখানে কাউকে শক্তিবৃদ্ধি হিসেবে পাঠানো হয়নি কেন, তা তদন্ত করা প্রয়োজন।’
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক প্রতিবেদনে ইরানের সঙ্গে যুদ্ধে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার পর্যন্ত সরঞ্জাম ক্ষতির কথা জানানো হয়েছে।
জা.অর্থনীতি/এসআই